আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

শায়খ, আমি একজন ছাত্র, এবছর আমার এসএসসি পরীক্ষা হবার কথা। তো আমার বাবা মা চান যে আমাকে নটর ডেম কলেজে পড়াতে এবং চান্স পেলে ওখানেই ভর্তি করার পরিকল্পনা তাদের, আমার জন্য ওখানে পড়া কি জায়েজ হবে?

উল্লেখ্য: ওটা মিশনারীদের পরিচালিত কলেজ। তবে বড় ভাইরা যারা পড়ছে তারা সবাই বলে ওখানে ধর্ম পালনে কোনো বাধা দেওয়া হয়না, এমনকি লোগোতে ক্রুশ ও চাইলে নিজের ড্রেস থেকে ফেলে দেওয়া যায়।

আমার বাবা মাকে বুঝানোর চেষ্টা করছি অন্য কোনো কলেজে সন্দেহ থাকবে না হালাল হারাম নিয়ে তারা বুঝেন না।এখন আমার করণীয় সম্পর্কে জানালে উপকৃত হতাম।

উত্তর : ইসলামি শরিয়ামতে, পিতা-মাতা যতক্ষণ পর্যন্ত কুফরি, ইসলাম বিরোধি বা হারাম কাজের আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য  করা এবং উফ শব্দটিও না বলা জরুরি। [সুরা বানি ইসরাইল, আয়াত – ২৩] পিতামাতার অবাধ্য হওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। [সহিহ বুখারি, ৮/৪]

স্কুলটি মিশনারী হলেও সেখানে যেহেতু কোনো হারাম কাজে বাধ্য করা হয় না এবং ধর্মপালনে বাধা প্রদান করে না সুতরাং আপনি সেখানে ভর্তি হয়ে যেতে পারেন। তবে, কোনোভাবে যদি বাবা-মাকে রাজি করাতে পারেন তাহলে অন্যত্র ভর্তি হওয়া ভাল।

মনে রাখতে হবে, বিধর্মী, ধর্মহীন ও অধার্মিক ব্যক্তিবর্গের সাহচর্য অনেক সময় ধর্মের প্রতি আকর্ষণ, ভালবাসা ও দায়িত্ববোধ নষ্ট করে দেয়। সুতরাং যেখানেই আপনি পড়ুন, দীনদারসমাজ ও আলিম-তালিবুল ইলমদের সাথে থাকার ও তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন। নিয়মিত আল্লাহওয়ালা ব্যক্তিদের সাহচর্য লাভের চেষ্টা করুন। এতে করে কালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হিফাজত করবেন বলে আশা করা যায়।

পোস্ট টি শেয়ার করুন

অন্যান্য সকল পোস্ট