ইসলামি ইতিহাসে রজব মাস

ইসলামের ইতিহাসে এই মাসে সংঘটিত হয়েছে বহু স্মরণীয় ঘটনা—যেমনটা বছরের অন্যান্য মাসগুলোতেও দেখা যায়। এই মাসে সংঘটিত হয় রোমানদের বিরুদ্ধে ঐতিহাসিক তাবুক অভিযান, যার নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং নবী মুহাম্মদ ﷺ। ঘটনাটি হিজরতের নবম বছরে সংঘটিত হয় এবং এটি ছিল তাঁর পরিচালিত শেষ যুদ্ধাভিযান।

এ মাসে নবুয়তের পঞ্চম বছরে সংঘটিত হয় আবিসিনিয়ার উদ্দেশে মুসলমানদের প্রথম হিজরত

এই মাসে, হিজরতের নবম বছরে, আবিসিনিয়ায় ইন্তেকাল করেন ন্যায়পরায়ণ শাসক নাজ্জাশি (রা.); যার জন্য রাসূল ﷺ মদিনায় জানাজা আদায় করেছিলেন।

কিছু ঐতিহাসিকের মতে—নবুওয়তের দশম বছরে এই মাসে সংঘটিত হয়েছিল ইসরা ও মেরাজের মহিমান্বিত ঘটনা। যদিও এ বিষয়ে ভিন্ন মত রয়েছে।

এই মাসে হিজরি ১৪ সনে দামেস্ক বিজয় সম্পন্ন হয়। আবু উবাইদা ইবনুল জাররাহ ও খালিদ ইবনুল ওয়ালিদ (রা.)-এর নেতৃত্বে মুসলিম বাহিনী এই মহান বিজয় লাভ করেছিলেন।

আরও বহু শতাব্দী পরে, হিজরি ৪৭৯ সনে আন্দালুসে সংঘটিত হয় বিখ্যাত যাল্লাকা যুদ্ধ, যেখানে ইউসুফ ইবন তাশফিন আল-মুরাবিতির নেতৃত্বে মুসলমানরা এক গৌরবোজ্জ্বল বিজয় অর্জন করে।

এছাড়াও, এই মাসে ২৭ তারিখে হিজরি ৫৮৩ সনে মহান সেনানায়ক সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহর নেতৃত্বে মুসলমানরা ক্রুসেডারদের পরাজিত করে বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেন—ইসলামের ইতিহাসে যা এক অনন্য অধ্যায় হয়ে আছে।

এ ছাড়া আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসের সঙ্গে জড়িয়ে আছে।

পোস্ট টি শেয়ার করুন

অন্যান্য সকল পোস্ট